শিরোনাম

পটুয়াখালী, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নকে পুনর্গঠন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের অনুমোদনপত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর ফলে কলাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। পাশাপাশি উপজেলায় রয়েছে দু’টি পৌরসভা ও দু’টি থানা।
পুনর্গঠনের পর ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নটি নীলগঞ্জ, নবীপুর, কুমিরমারা, টুঙ্গিবাড়ীয়া এবং সোনাতলা মৌজার একাংশসহ মোট ২৫টি গ্রাম নিয়ে পরিচালিত হবে। এ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২১ হাজার ৯৮০ জন।
অন্যদিকে, নতুন ১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন গঠিত হয়েছে উমেদপুর, হাজীপুর এবং সোনাতলা মৌজার অংশ নিয়ে। এতে অন্তর্ভুক্ত হয়েছে মোট ২৪টি গ্রাম। যেখানে প্রায় ২০ হাজার ৬শ’ মানুষের বসবাস।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আবুল হোসেন বলেন, নির্বাচনের সময় নতুন ইউনিয়ন গঠন ছিল জনগণের অন্যতম প্রধান দাবি। নির্বাচিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে।
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বাসস’কে জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করছেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের শুরুতেই নতুন হাজীপুর ইউনিয়ন গঠনের সরকারি গেজেট প্রকাশিত হবে। একই সঙ্গে মহিপুরকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, কলাপাড়ার সড়ক ও অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ৫৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে।
সাইক্লোন শেল্টারের কথা উল্লেখ করে তিনি বলেন, শত কোটি টাকা ব্যয়ে বি-সেফ প্রকল্পের আওতায় দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ এবং ১২টি সেতু নির্মাণের প্রস্তাবও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।