বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৮:১৪

পটুয়াখালীতে বাসের ধাক্কায় পর্যটক নিহত

পটুয়াখালী, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় জাহিদ হাওলাদার (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের সদর উপজেলার শিয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাওলাদার মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তিনি মৃত শাহিন হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি একটি ফলের দোকান পরিচালনা করতেন।

নিহতের বন্ধু রিফাত জানান, জাহিদসহ ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে কুয়াকাটা ভ্রমণে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা কুয়াকাটায় পৌঁছান। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফেরার পথে পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস জাহিদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাসস’কে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।