বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৬:৪৩

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

নওগাঁ, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : জেলার বদলগাছী উপজেলায় আজ মাছ ধরার জন্য পুকুরের বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি সেচকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী বিমান (৩৮) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী উপজেলার শেরপুর গাছকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শ্রী বিমান জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার শেরপুর গাছকুড়ি এলাকার সুজন হোসেনের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি সেচের কাজ চলছিল। সেখানে শ্রমিকের কাজ করছিলেন শ্রী বিমান। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পানি সেচের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে শ্রী বিমান বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন শ্রী বিমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।