শিরোনাম

ময়মনসিংহ, ২৯ জুলাই, ২০২৬ (বাসস): জেলার ত্রিশালে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) ও ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
ঘটনাস্থল পরিদর্শন করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বাসসকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মাণাধীন একটি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ছাদ থেকে অবশিষ্ট রড নিচে নামানোর সময় ভবনের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক আহত হয়ে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
ভবন মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় আমরা কেউ ছিলাম না। পরে ফোনে জানতে পারি, তিনতলা থেকে রড নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিচে পড়ে মারা যায়, ঘটনাটি দুঃখজনক।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের স্বজনরা এটাই জানিয়েছে।