শিরোনাম

শরীয়তপুর, ২৯ জুলাই, ২০২৬ (বাসস): জেলার জাজিরা উপজেলায় বিস্ফোরণে একটি বাড়ির টয়লেটের ছাদ ও পানির ট্যাংকি ভেঙে পড়েছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বি কে নগর ইউনিয়নের কদম আলি মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় বিস্ফোরণের বিকট শব্দে পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক দিন একই উপজেলার বিলাসপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওই ঘটনায় সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করেছে জাজিরা থানার পুলিশ। সেই ঘটনার একদিন যেতে না যেতে বিকেনগর ইউনিয়নে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হয়েছে আগে থেকেই বোমা রাখা ছিল, রোদের তাপে হয়তো বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কিভাবে বিস্ফোরকটি সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।