বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৯:১২

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : সিলেট মহানগরীর তেলিবাজার বাইপাস সংলগ্ন সুমন ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, নকল লেবেল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে চিপস উৎপাদনে পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। এছাড়া নিম্নমানের বিট লবণ ব্যবহার এবং খোলা বস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ সংরক্ষণ করা হচ্ছিল। একই সঙ্গে নকল লেবেল ব্যবহার করে নোংরা পরিবেশে বিপুল পরিমাণ চিপস উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়।

মোবাইল কোর্ট আরো দেখতে পায়, খাদ্য উৎপাদনস্থলের ভেতরের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্রও ছিল না। খাদ্যকর্মীরা খালি হাতে চিপস প্যাকেটজাত করছিলেন এবং তাদের হাতের নখ ছিল লম্বা ও অপরিষ্কার। এছাড়া খাদ্যপণ্য সরাসরি মেঝেতে সংরক্ষণ করা হচ্ছিল, যা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সুস্পষ্ট লঙ্ঘন।

এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় সুমন ফুড প্রোডাক্টসকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত এ মোবাইল কোর্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট মহানগর কার্যালয়ের কর্মকর্তা এবং পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।