শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য শনাক্ত করে বিচারাদেশের মাধ্যমে ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা রাজস্ব আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ বুধবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় আমদানিকারক রেইনবো কর্পোরেশনের (বিল অব এন্ট্রি নম্বর: সি-১১৩৮৭০৬, তারিখ: ৫ জুলাই ২০২৬) আমদানিকৃত পণ্যচালান কায়িক পরীক্ষা করে।
পরীক্ষায় ঘোষিত ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের পরিবর্তে ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি এবং ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজি ওয়েফারের পরিবর্তে ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি পণ্য পাওয়া যায়।
চালানটিতে ঘোষিত ওজনের চেয়ে ৫৪০ দশমিক ৪১ কেজি বেশি পাওয়া যায়, যা নীট ওজনের চেয়ে ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য শনাক্ত হয়।
এ ঘটনায় বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ককর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ১ লাখ টাকা আদায় করা হয়। এতে মোট অতিরিক্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা।