বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৭:৫১

রাজবাড়ীতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ২৯ জুলাই, বাসস (২০২৬) : জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন।

প্রধান অতিথি বলেন, বিদ্যালয় শুধু পাঠদান নয়, শিশুদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজের প্রতি, পরিবারের প্রতি এবং সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারে।

তিনি আরও বলেন, ‘হলদে পাখি’ দলের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। শিশুদের মানবিক, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা মো. তবিবর রহমান, জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সাবেক কর্মকর্তা শামসুন্নাহার চৌধুরীসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ।

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের মানবিক, দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক ‘হলদে পাখি’ দল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।