বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৭:৫০

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সম্পন্ন

ছবি : বাসস

ঝালকাঠি, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : আসন্ন ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে  লোক নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে ঝালকাঠি সদর উপজেলায়। 

আজ বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ ভবনের ছয়টি কক্ষে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. নাইমুর রহমান জানান, ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য তথ্য সংগ্রহকারী পদে ৫৪ জন এবং সুপারভাইজার পদে ৪ জনসহ মোট ৫৮ জন নিয়োগ দেওয়া হবে, অপেক্ষমাণ থাকবেন ৭ জন। এ দুই পদের বিপরীতে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী আবেদন করেছেন। পরীক্ষা বোর্ডে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বাসস’কে বলেন, ‘ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যোগ্য ও দক্ষ জনবল বাছাই করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরা নির্বাচিত হন।’

তিনি আরও বলেন, নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন। পরীক্ষা শেষে যাচাই-বাছাই করে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে।