শিরোনাম

নারায়ণগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২৬ (বাসস) : যেকোনো নাগরিকের সেবাসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি জানতে গণশুনানির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশ নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত হয়ে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বিদ্যুৎ, ভূমিসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ দৈনন্দিন জীবনের নানা দুর্ভোগ ও দাবি তুলে ধরেন।
সাধারণ মানুষের এসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌক্তিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের মতামত, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শোনা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত করাই এ ধরনের গণশুনানির মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে জনগণের যৌক্তিক সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার সঞ্চালনায় গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।