বাসস
  ২৮ জুলাই ২০২৬, ২০:২৯
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০:৩৯

ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন 

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিতব্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য বিশেষ ভিসা ব্যবস্থা ঘোষণা করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। 

একই সঙ্গে দূতাবাস আবেদনকারীদের ভিসা আবেদনের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আজ ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনের আমদানি ও রপ্তানি মেলা ‘ক্যান্টন ফেয়ার’ নামে পরিচিত। গুয়াংজুতে অনুষ্ঠিতব্য ক্যান্টন ফেয়ার চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য আয়োজন, যা বিশ্বজুড়ে ক্রেতা এবং ব্যবসায়ীদের আকর্ষণ করে। এতে বাংলাদেশি দর্শনার্থীদের অংশগ্রহণ সহজতর করতে এই বিশেষ ভিসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। 

দূতাবাস জানিয়েছে, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদনকারীদের বাধ্যতামূলক নথিপত্র হিসেবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিশিয়াল আমন্ত্রণপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের অবশ্যই সতর্কতার সাথে তাদের অনলাইন ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া হলে আবেদনপত্র ফেরত দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আবেদনকারীদের আবেদনপত্র পূরণের দায়িত্ব অন্য ব্যক্তি বা এজেন্সির ওপর না দেওয়ার পরামর্শও দিয়েছে দূতাবাস। দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, তারা ভিসা সেবা প্রদানের জন্য কোনো সংস্থা বা ব্যক্তিকে লাইসেন্স বা অনুমতি দেয়নি।

একই সঙ্গে ‘ভিসার নিশ্চয়তা’, ‘ভিসা না হলে কোনো ফি নয়’, ‘অভ্যন্তরীণ যোগাযোগ’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবির বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, আমন্ত্রণপত্র জাল বা পরিবর্তন করা, মিথ্যা তথ্য প্রদান কিংবা ভুয়া কাগজপত্র জমা দিলে ভিসা প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দূতাবাস বলেছে, ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়কাল এবং প্রবেশের সংখ্যা (এন্ট্রি সংখ্যা) সংশ্লিষ্ট বিধিমালা এবং প্রত্যেক আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

আইনসম্মত, স্বচ্ছ এবং দক্ষ ভিসা সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দূতাবাস জানিয়েছে, স্থানীয়ভাবে নিযুক্ত কর্মীদের ব্যক্তিগত লাভের জন্য ভিসার সিদ্ধান্তে প্রভাব খাটানো বা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেওয়ার দাবি করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের যেকোনো লঙ্ঘন প্রচলিত নিয়ম এবং শাস্তিমূলক বিধি অনুযায়ী কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয়েছে।