শিরোনাম

কুড়িগ্রাম, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে জমি চূড়ান্ত করার প্রক্রিয়ায় এক ধাপ অগ্রগতি হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে স্থানীয়ভাবে প্রস্তাবিত তিনটি স্থান পরিদর্শনের মাধ্যমে ইউজিসি প্রতিনিধিদলকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত তিনটি স্থান নিয়ে নিজ নিজ যুক্তিসহ বিস্তারিত মতামত তুলে ধরেন।
আলোচনায় উঠে আসা স্থান তিনটি হলো- দাশের হাটের ছড়া, নালিয়ার দোলা ও ধরলা ব্রিজের পূর্ব পাড়।
উপস্থিত বক্তারা স্থানগুলোর ভৌগোলিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রসারের সুযোগ সম্পর্কিত বিভিন্ন যৌক্তিক দিক তুলে ধরে কথা বলেন।
দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পরিদর্শনে আসা ইউজিসির প্রতিনিধিদল প্রস্তাবিত তিনটি স্থানই সরেজমিনে ঘুরে দেখবেন। পরবর্তীতে সরকারি নীতিমালা ও কারিগরি দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে উপযোগী ভূমিটি চূড়ান্ত করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।