বাসস
  ২৭ জুলাই ২০২৬, ২১:২৬

কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫

কুমিল্লা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষায় মোট ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এদিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের আওতাধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ২৬৪ জন।

এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ১৫৯ জন। ফলে অনুপস্থিত থাকে ২ হাজার ১০৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৯১ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—কুমিল্লায় ৭০৯ জন, নোয়াখালীতে ৫৭২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০১ জন, লক্ষ্মীপুরে ২১৩ জন, ফেনীতে ১৮২ জন এবং চাঁদপুরে ১২৮ জন।

অন্যদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লায় একজন, নোয়াখালীতে তিনজন এবং ফেনীতে একজনসহ মোট পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।