শিরোনাম

ময়মনসিংহ, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, মেধাবীদের পেছনে রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগ করার ফলে তাদের মধ্যে জাতির প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। এতে তারা সত্যিকার অর্থেই দেশের সম্পদে পরিণত হয়।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত ‘ডাটা অ্যানালাইসিস ইন এমএস এক্সেল অ্যান্ড স্টাটা’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাকৃবির শিক্ষার্থীরা যেখানেই কাজ করুক না কেন, আত্মবিশ্বাস, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, আমরা এগিয়ে যাব, পিছিয়ে থাকব না। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।
পরে প্রধান অতিথি হিসেবে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন উপাচার্য।
সনদ বিতরণ অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।
আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক কৃষিবিদ মো. ছরোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোর্স সমন্বয়ক অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. বদিউজ্জামান খান।
এছাড়াও অন্যান্যের মধে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. রমিজা বেগম।
প্রশিক্ষণ শেষে দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো ২০০২ সাল থেকে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে আসছে। এবারের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২৮ জন স্নাতকোত্তর (এমএস) এবং ২ জন পিএইচডি শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।