শিরোনাম

খুলনা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): জেলার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী রেজাউল শেখ হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় দেন। একই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি অবস্থান করার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা আঘাত করতে থাকে। এ সময় রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা মারধর করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মেজবাহ উদ্দিন ওইদিন সন্ধ্যায় বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
মামলায় তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলমবক্সের ছেলে আ: সালাম এবং সালাম শেখের দুই ছেলে মো. খুরশিদ আলম (৩৫) ও মো. খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করেন।
গত ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পারিদর্শক মো. গোলাম রসুল উল্লেখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।