বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২২:১৪

আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক

ছবি : বাসস

রাজশাহী, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটালি সিকিউরড সিটি গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে।

আজ (রোববার) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। জনগণের চাহিদার ভিত্তিতে আমরা কাজ করতে চাই। নগরবাসীর নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রদান করা হলো। নিরাপদ ও শান্তির মহানগরী গড়তে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

আরএমপি কমিশনার ফয়েজুল কবির বলেন, নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাজশাহী সিটি কর্পোরেশনের দেওয়া অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো প্রিভেন্টিভ ও ডিটেকটিভ পুলিশিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন করে ১৫৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আরও নিরাপদ ও যানজটমুক্ত নগরী গড়ার ক্ষেত্রে রাজশাহী আরও এক ধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ উপস্থিত ছিলেন।

আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরাগুলো রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে স্থাপন করা হবে।

এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।