শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, ক্লাব এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বাইসাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৬৭টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় ও ক্লাব মিলিয়ে ৪০ সেট জার্সি এবং ৯০টি ফুটবল প্রদান করা হয়।
একই সঙ্গে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।