বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২১:২২
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২১:২৬

সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। বিগত ১৭ বছরে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। 

তিনি বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার ৩১ শয্যা ও ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে যাচ্ছে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের শয্যা সংখ্যা বাড়ানো বা যেখানে নেই, সেখানে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ফিজিওথেরাপির সুবিধা ও আধুনিক প্যাথলজি করা হচ্ছে। পরবর্তীতে এই হাসপাতালগুলোতেও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সুবিধা দেওয়া হবে। এছাড়া খুব দ্রুতই ই-হেলথ কার্ড দেওয়া শুরু হবে।