শিরোনাম

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবন নির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায়। সে লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন,বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে।
তিনি বলেন, বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও নির্মাতা দেশ হিসেবেও প্রতিষ্ঠিত হবে।
মন্ত্রী আজ ঢাকায় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বেয়ার সামিট ২০২৬ এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন এবং রপ্তানিতে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশের তরুণরাই এই খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবনী, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে সরকার।
মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, এই বিইএআর সামিট প্রমাণ করেছে যে, বাংলাদেশ একা নয়। শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প খাতের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাই এটি কেবল একটি সম্মেলন নয়; এটি একটি আন্দোলনের সূচনা।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার অত্যন্ত ব্যবসা-বান্ধব। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদের জন্য সুযোগ তৈরি করতে এবং দেশের প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা প্রয়োজনীয় সবকিছুই করব।
এরপর বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।