বাসস
  ২২ জুলাই ২০২৬, ১৯:০৫

গাজীপুরে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শুক্রবার

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আগামী ২৪ জুলাই গাজীপুরের চান্দনা চৌরাস্তা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

আজ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর মহানগর শাখার সভাপতি আতাউর রহমান। 

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজ উদ্দিন তালুকদার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ জুলাই বিকেল ৩টায় দেশব্যাপী সকল জেলা ও মহানগর শাখায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।