বাসস
  ২২ জুলাই ২০২৬, ১৬:০৮

বরিশালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরিশাল, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তরে’র উদ্যোগে আজ বুধবার সকাল ১০ টায় নগরীর বিডিএস ভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, বরিশাল অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাউদ্দিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। 

‘রূপান্তরে’র নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, হেলভেটাস বাংলাদেশে’র ম্যানেজার শাহরিয়ার মান্নান ও রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভাশিষ ভট্টাচার্য।

বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন উপকূলীয় বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষাবলয় এবং কোটি মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের অন্যতম ভিত্তি। কিন্তু প্লাস্টিক ও পলিথিন দূষণ এ বনাঞ্চলের মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সুন্দরবন রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সব অংশীজনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।