শিরোনাম

ঝিনাইদহ, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ি ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোস্তফা শেখ (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা শহরের লালন শাহ কলেজ গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা শেখ হরিণাকুণ্ডু উপজেলার ভবাণীপুর গ্রামের তাঁতীপাড়ার মৃত সদর শেখের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার চালক মোস্তফা শেখ ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে ভবানীপুর বাজার থেকে হরিণাকুণ্ডু উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি লালন শাহ কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত একটি লাটা গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালক মোস্তফা শেখ সহ আরও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অটোরিকশার চালক মোস্তফা শেখের অবস্থা অবনতি হওয়ায় চিকিংসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গুরুতর অবস্থায় মোস্তফা শেখকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।