শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘ট্রেইনিং অন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস ইন ইমপ্লিমেন্টিং আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে চাই এবং এই চ্যালেঞ্জে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বর্তমান দ্রুত পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় গুণগত মান বজায় রাখা কেবল একটি বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য বিষয়।
অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে হলে, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পাঠ্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
এতে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
ট্রেইনিং অন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস ইন ইমপ্লিমেন্টিং আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় কী-নোট উপস্থাপন করেন সিলেট আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।