বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৪:৫৩

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সৃজিত পদ কম্পোজিশনভুক্তকরণে তথ্য চেয়েছে মাউশি

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সকল সরকারি কলেজ ও দপ্তরে ‘এনাম কমিটি’র পর সৃষ্ট বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরগুলোর কাছে তথ্য চেয়েছে মাউশি অধিদপ্তর।

আজ মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ২০১৮ সালের জাতীয়করণ বিধির আওতাভুক্ত কলেজসমূহ ব্যতীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল সরকারি কলেজ ও দপ্তরসমূহে এনাম কমিটির পর সৃষ্ট বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। 

এই লক্ষ্যে নির্ধারিত ছক মোতাবেক তথ্য পূরণ করে আগামী ২১ জুলাই তারিখের মধ্যে [email protected] ই-মেইলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, এর আগে গত ১৬ মার্চ ক্যাডার কম্পোজিশনভুক্তকরণের জন্য চাহিত তথ্যাদি যে সকল সরকারি কলেজ ও দপ্তর এখনো প্রেরণ করেনি, তাদেরকেও আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি মাউশি অধিদপ্তরের প্রথম ব্লকের ৫৩০ নম্বর কক্ষে উপ-পরিচালক (এইচআরএম) বরাবর সরাসরি পাঠাতে হবে।