বাসস
  ১৮ জুলাই ২০২৬, ২২:১৬

সোমবার চবিতে ‘জব ফেয়ার ২০২৬’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০ জুলাই চাকসু ও এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬। ছবিঃ বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। 

চাকসু ভবনে আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। 

লিখিত বক্তব্যে তারা বলেন, ‘চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এটি কেবল একটি চাকরি মেলা নয়, এটি শিক্ষার্থীদের সঙ্গে শিল্প ও কর্পোরেট খাতের একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করবে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল, ইফাদ ও মেঘনা গ্রুপ এবং সিটি, ইসলামী ও পূবালী ব্যাংকসহ বিভিন্ন সেবাখাত প্রতিষ্ঠান অংশ নেবে।’

চাকসু নেতারা বলেন, ‘এই জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিভি কালেকশন, অন-দ্য-স্পট সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, করপোরেট নেটওয়ার্ক এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপ-সংক্রান্ত বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন।’

দিনব্যাপী এই আয়োজনে ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও তরুণ পেশাজীবীর উপস্থিতি ঘটবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করবেন।

জব ফেয়ারের পাশাপাশি একই দিনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট ২০২৬।

 এই সামিটে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ক্যারিয়ার মেন্টররা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করবেন। 

জব ফেয়ারের নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মোট পাঁচজন এই বিশেষ ক্যারিয়ার সামিটে অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান, কো-কনভেনর ও চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ, কর্পোরেট অ্যাফেয়ার্স টিমের লিড (এক্সিলেন্স বাংলাদেশের টিম সেক্রেটারি) সানু আক্তার নদী প্রমুখ।