শিরোনাম

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক, নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ চীনের সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬’-এর আয়োজনে হাই-লেভেল মিটিং অন গ্লোবাল এআই গভর্ন্যান্স-এ বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ডিজিটাল নীতি ও আইনকে সময়োপযোগীভাবে সংস্কার করছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে জনগণের কল্যাণে কাজে লাগানো যায় ও একই সঙ্গে এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর শাসনব্যবস্থা নিশ্চিত করা যায়।
ফকির মাহবুব আনাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, এআই-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূত এআই সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বৈশ্বিক এআই শাসনব্যবস্থার জন্য চারটি মৌলিক অগ্রাধিকার (নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা) তুলে ধরেন।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব ও ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে কাজ করতে হবে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যেন কেবল প্রযুক্তিগত উৎকর্ষের নয়, বরং মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির প্রতিফলন হয়— বাংলাদেশ সেই লক্ষ্যেই বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানায়।
সভায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, শতাধিক দেশের মন্ত্রী ও তাদের প্রতিনিধিদল, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও শিল্পখাতের প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর সুশাসন ও এ খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই থেকে ২০ জুলাই চীনের সাংহাইয়ে চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।