বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৯:৫১

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : আইএসপিআর

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন। 

একইসাথে দেশের অন্যান্য সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাসমূহেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।