বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২০:৩৩

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বেরোবিতে শোক পালন

ছবি : বাসস

রংপুর, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বাংলাদেশ সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আজ বিনম্র শ্রদ্ধায় শোক পালন করেছে।

রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের রুহের মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।

 এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।