শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও বিদ্যমান বিধিবিধান বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পর কেন দীর্ঘ ২১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ও বিদ্যমান বিধিবিধান বাস্তবায়ন নিয়ে কথা বলতে হবে? তাহলে পূর্বে যে নিয়মে চলছে, সে নিয়মেই চলবে নাকি পরিবর্তন দরকার?
তিনি বলেন, যদি পরিবর্তন দরকার হয় বা পরিবর্তন চাই তাহলে, টিম জগন্নাথ স্লোগানকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং জবি আইনের যে ধারাগুলো পরিবর্তন দরকার সেগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা আইনের পরিবর্তন করতে পারবো।
অধ্যাপক ড. রইছ উদ্দীন আরও বলেন, পাশাপাশি সকল শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক চলতে হবে। বিশ্ববিদ্যালয়কে পরিবারের মতো অন্তরে ধারণ করতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে পারে সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। পাঠদানের পাশাপাশি সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে ও গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে।
এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমাদের প্রস্তাবিত অর্গানোগ্রাম ও ৩টি সংবিধি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে অনুমোদনের জন্য জমা প্রদান করেছি।
সবাই মিলে টিম জগন্নাথ-এর মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো।
পরবর্তীতে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেনÑ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
এছাড়াও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেনÑ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও সকল বিভাগের শিক্ষকরা।