বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৯:৪৫

কুয়েটের প্রয়াত শিক্ষার্থী রেজওয়ানুলের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা

ছবি: বাসস

খুলনা, ১৩ জুলাই, ২০২৬, (বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত শিক্ষার্থী রেজওয়ানুল হকের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ওই শিক্ষার্থীর বাবা দুরুল হুদা-এর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
 
এ সময় প্রয়াত শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, রেজওয়ানুল হকের না থাকা কুয়েট পরিবারের জন্য অত্যন্ত মর্মান্তিক ও অপূরণীয় ক্ষতি। একজন শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ এভাবে থেমে যাওয়া আমাদের গভীরভাবে ব্যথিত করে। কোনো আর্থিক সহায়তাই একজন সন্তানের অভাব পূরণ করতে পারে না। তবে এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

কুয়েট পরিবার সবসময় তার শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। 

ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সালাহ্ উদ্দীন ইউসুফ বলেন, রেজওয়ানুল একজন বিনয়ী, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন।

তার অকাল প্রয়াণে বিভাগ শুধু একজন শিক্ষার্থীকে নয়, বরং একটি উজ্জ্বল সম্ভাবনাকেও হারিয়েছে। তার পরিবারের এই দুঃসময়ে বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের মানবিক দায়িত্বের অংশবিশেষ পালন করতে পেরেছি বলে মনে করি।

তিনি আরও জানান, এই ৫ লাখ টাকার আর্থিক সহায়তা ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুয়েট পরিবারের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত আর্থিক অবদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রয়াত শিক্ষার্থী মো. রেজওয়ানুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রেজওয়ানুল হক গত ১২ জানুয়ারি শহীদ স্মৃতি হলের ডিএস ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে চা পান করার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত প্রায় ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার প্রয়াণে কুয়েট পরিবার গভীরভাবে শোকাহত হয়। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনতলা ইউনিয়নের এনায়েত বয়রা গ্রামের বাসিন্দা।