শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং দেশের সাংবিধানিক ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন প্রজ্ঞা, সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের কল্যাণে যে অবদান রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।