বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৭:৫২

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক 

কোলাজ : বাসস

ঢাকা, ১২ জুলাই, ২০২৬(বাসস): বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, ‘৫২-এর ভাষাসৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ হারালো কীর্তিমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শূন্যতা। ব্যারিস্টার মরহুম জমির উদ্দিন সরকার তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মির্জা ফখরুল বলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি এদেশে সংসদীয় রাজনীতিতে যোগ করেছিলেন এক ভিন্ন মাত্রা। বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা দেশবাসী কখনও বিস্মৃত হবে না।

তিনি আরও বলেন, তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে শেরেবাংলা ফজলুল হক থেকে শুরু করে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তাঁর মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।