বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২১:০৬

সবুজ বাংলাদেশ গড়তেই প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি : বাকৃবি ভিসি

ছবি : বাসস

ময়মনসিংহ, ৯ জুলাই, ২০২৬, (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। 

এই কর্মসূচির অংশ হিসেবেই কেবি হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করা হয়েছে। আমাদের, এই দেশটিকে সবুজ এবং বসবাসযোগ্য করে তুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কিছু করে যাওয়ার অংশ হচ্ছে এই বৃক্ষরোপণ।

আজ বৃহস্পতিবার বিকেলে বাকৃবি'র উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নিজে একটি নিম গাছের চারা রোপণ করে স্কুলের শিক্ষার্থীদের বেশি বেশি করে গাছ লাগানো ও পরিচর্যায় আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম।

এ সময় কে.বি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ অতিথিবৃন্দ বৃক্ষরোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।