বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২০:২২
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল : শিক্ষক-শিক্ষার্থীদের লোগো ও থিম সং পাঠানোর আহ্বান

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষ্যে লোগো, রিলস ও থিম সং তৈরির জন্য দেশব্যাপী প্রতিযোগিতা আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার মাউশির এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এক্ষেত্রে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

আদেশে বেশ কিছু নির্দেশনা দিয়ে বলা হয়- এক, লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। তবে এর মূল এআই ফাইলটি প্রতিযোগীদের নিজস্ব সংরক্ষণে রাখতে হবে। দুই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল খেলা সম্পর্কিত রিলস তৈরি করে সেটির লিংক উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। তিন, থিম সং তৈরি করে সেটি ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, উল্লিখিত তথ্যসমূহ ই-মেইলে পাঠানোর সময় প্রতিযোগীকে অবশ্যই একটি সচল মোবাইল নম্বরসহ তার যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।