বাসস
  ০৬ জুলাই ২০২৬, ২২:৩৮

সংস্কৃতি মন্ত্রীর সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।

সচিবালয়ে আজ সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং প্যালেস্টাইনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের যৌথ আমন্ত্রণপত্রটি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেন এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। এই আমন্ত্রণ বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং মন্ত্রীর দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।

বৈঠকে বাংলাদেশ ও প্যালেস্টাইনের মধ্যকার দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়।

বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি সবসময় অবিচল সমর্থন বজায় রেখেছে বলে সংস্কৃতি মন্ত্রী পুনরুল্লেখ করেন। দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী ও সহযোগিতা আগামীতে আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্যালেস্টাইনের সাথে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপ অন্যতম। উভয় পক্ষই দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন।