শিরোনাম

গাজীপুর, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীর মিরাশপাড়া এলাকায় তুরাগ নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত শামীম মিয়া টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে তিন বন্ধুÑশামীম, আফনান ও শাকিব। গোসলের এক পর্যায় দুই বন্ধু গভীর পানিতে তলিয়ে গেলে অপর বন্ধু শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। তাদের মৃত্যুতে সহপাঠীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বাসসকে বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, উদ্ধার হওয়া দুই কিশোরের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।