শিরোনাম

নীলফামারী, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের পাড়ের হাট পাকারমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও একই উপজেলার সুঠিপাড়া গ্রামের মৃত মেহের উদ্দিনের ছেলে মো. মোমিনুল ইসলাম বাচ্চাউ (৫০)। তারা পল্লী বিদ্যুৎ সমিতির একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক ছিল।
স্থানীয়রা জানান, আজ সকালের দিকে পাকারমাথা সড়ক এলাকায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের মেরামতের কাজ চলছিল। বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কিশোরগঞ্জ জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, ‘ওই এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের পোল স্থাপনের কাজ করছিল সুমাইয়া এণ্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনি প্রক্রিয়া চলমান আছে’।