বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১৬:০৯

এডিবি’র সহায়তায় ৪৭১ স্কুলে শিক্ষার প্রযুক্তিগত অবস্থা নিয়ে সমীক্ষা শুরু

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের মাধ্যমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও বাস্তব চিত্র মূল্যায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় সারা দেশে ৪৭১টি নির্বাচিত স্কুলে বিশেষ সমীক্ষা শুরু হতে যাচ্ছে।

‘সিচুয়েশনাল অ্যানালাইসিস অব টেকনোলজি ইন এডুকেশন’ শীর্ষক এই সমীক্ষার তথ্য সংগ্রহের জন্য জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘মমদা ফাউন্ডেশন’-কে অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি’র এক অফিস আদেশে এ অনুমতির কথা জানানো হয়।

এডিবি’র ‘রিজিওনাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’-এর আওতায় এই সমীক্ষাটি পরিচালিত হচ্ছে। এর নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সমীক্ষার মূল কার্যক্রম সম্পর্কে আদেশে বলা হয়েছে, নির্বাচিত বিদ্যালয়গুলোতে মূলত ৬টি ক্ষেত্রে কার্যক্রম চালানো হবে। এর মধ্যে রয়েছে— শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণ; পাবলিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ; আইসিটি ল্যাবের তথ্য সংগ্রহ; শিক্ষার্থীদের উপস্থিতি পর্যালোচনা; এবং শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে বাস্তব দক্ষতা যাচাইয়ের জন্য কুইজ টেস্ট গ্রহণ।

জরিপ পরিচালনার শর্তানুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটানো যাবে না। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে জরিপ চালাতে হবে। এছাড়া, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা জাতীয় ও ধর্মীয় চেতনা পরিপন্থী এমন কোনো কাজ করা যাবে না। মাঠপর্যায়ের প্রাপ্ত তথ্য নিয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়ার্কশপ করতে হবে।