বাসস
  ০৪ জুলাই ২০২৬, ২১:৩১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২  

বগুড়া, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে আকতারুল ইসলাম (৪০) ও শফিকুল ইসলাম (৭০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শনিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত শফিকুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাতজন গরুর বেপারী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে পাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি গাড়িটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। এসময় সড়কে ভটভটির পাশে থাকা বাইসাইকেল চালক শফিকুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইসাইকেলটি ওই ভটভটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা গরুর বেপারী আকতারুল ইসলাম এবং বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান,  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহত দু’জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।