বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৮:৫৯

আদিতমারীতে অসচ্ছল নারী, প্রতিবন্ধী ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা সামগ্রী বিতরণ

ছবি : বাসস

লালমনিরহাট, ৪ জুলাই ২০২৬ (বাসস): জেলার আদিতমারী উপজেলায় অসচ্ছল নারী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন, ১১ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে ১১টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬টি ক্রিকেট সেট, ৬০টি ফুটবল ও ১২ সেট স্কাউট বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রোকন উদ্দিন বাবুল এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি উপকারভোগীদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল সাকিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অন্যান্যের মধ্যে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।