শিরোনাম

রংপুর, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দরিদ্র ও অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে এবং কিডনি রোগ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, কিডনি রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ-এর উদ্যোগে আজ লালমনিরহাট শহরের ডা. সেলিমা ডায়াবেটিস হাসপাতালে নবনির্মিত ডায়ালাইসিস কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্ত্রী বলেন, লালমনিরহাটে একটি আধুনিক ডায়ালাইসিস কেন্দ্রের উদ্বোধন এই অঞ্চলের কিডনি রোগীদের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই কেন্দ্রটি চালু হওয়ায় রোগীদের আর ডায়ালাইসিসের জন্য দূর-দূরান্তে যেতে হবে না এবং স্থানীয় পর্যায়েই সহজে উন্নতমানের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে।
তিনি বলেন, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই।
আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এই কর্মীরা মা ও শিশু পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ জীবনযাপন এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বাড়ি বাড়ি যাবেন।
তিনি বলেন, লালমনিরহাট অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
খাদ্য নিরাপত্তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বাজারে রাসায়নিকযুক্ত খাদ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই নিরাপদ খাদ্য গ্রহণে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সকলের এগিয়ে আসা উচিত। কিডনি বিকল হওয়ার ঝুঁকি এড়াতে পরিবারের প্রত্যেক সদস্যের সচেতন হওয়া প্রয়োজন।
নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম, ইউরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. শহিদুল ইসলাম সুগম, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির এড হক কমিটির সদস্য-সচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমী, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পরিচালক আল ইমরান সরকার।