বাসস
  ০১ জুলাই ২০২৬, ২০:২২

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়া, ১ জুলাই, ২০২৬, (বাসস) : কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযানে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এর মধ্যে ৩০ জুন দুপুর দেড়টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৬৯ হাজার টাকা। 

এদিকে, ১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মালামাল ফেলে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯৪ হাজার টাকা।

একই দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিয়ামত মণ্ডলের ঘোনা এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ২২ হাজার ৪০০ টাকা।

বিজিবি আরও জানায়, তিনটি অভিযানে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা। এ সময় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে।