বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৯:৫৮

লালমনিরহাটে জব্দ করা চায়না ও ভেসাল জাল পুড়িয়ে ধ্বংস

ছবি : বাসস

লালমনিরহাট, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় দেশীয় মাছের প্রজাতি ও জলজ সম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে ৬০টি অবৈধ চায়না দুয়ারী এবং কয়েকটি ভেসাল জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

আজ বুধবার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বুড়িরদীঘি সংলগ্ন সিঙ্গিমারী বিলে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। 

এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জাল জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে চায়না দুয়ারী, কারেন্ট ও ভেসাল জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং এসব নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস বলেন, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় নিষিদ্ধ জালের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।