শিরোনাম

নরসিংদী, ১ জুলাই, ২০২৬ (বাসস): সদর উপজেলার নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্ট এলাকায় এক রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।
আজ বুধবার নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে এ শাস্তি দেন।
মোবাইল কোর্টে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়েছে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।
এ সময় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।