শিরোনাম

ফেনী, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া -বক্সমাহমুদ সড়কে ট্যাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে খোকা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪জন।
আহতরা হলেন, অটোরিকশার যাত্রী ইফাজ উদ্দিন (২২), আবদুল হক (৬৩), লিজা (৩৫) ও চালক হাসান (৩৮)।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রৌশন ফকির মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকা মিয়া জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের কবিরাজ বাড়ির বাচ্চু মিয়ার বড় ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ছাগলনাইয়া থেকে বক্সমাহমুদের দিকে যাচ্ছিল। এসময় রৌশন ফকির মাজারের দক্ষিণ পাশে পৌঁছলে ক্ষেতে চাষ শেষে একটি ট্যাক্টর সড়কে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির বাম পাশে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী খোকা মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজি চালকসহ আরো ৪জন আহত হন।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর চালক হৃদয় (২১) সহ ট্যাক্টরটি আটক করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বাসস’কে বলেন, নিহত খোকা মিয়ার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।