বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৮:৪৫

নওগাঁয় হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল  পুলিশ

ছবি : বাসস

নওগাঁ, ১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় হারানো ১০১টি উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং গোয়েন্দা শাখার উদ্যোগে গত এক মাসে (জুন) হারিয়ে যাওয়া ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো মালিকদের হাতে তুলে দেন। 

এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোন গুলো সনাক্ত ও উদ্ধার করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিণত হয়েছে। হারানো মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। 

জেলা পুলিশ হারানো সকল মোবাইল উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।