শিরোনাম

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের আইনজীবী পেশার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের একটি অ্যাড-হক বার কাউন্সিল গঠন করেছে সরকার।
নতুন এ কাউন্সিল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল অ্যাড-হক বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সদস্য হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, মোহাম্মদ শিশির মনির ও মাহফুজুর রহমান মিলন।
এছাড়া সদস্য করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা এবং মোহাম্মদ হোসেন লিপুকে।
জেলা পর্যায় থেকে সদস্য করা হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়া জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আলী আসগর এবং ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামকে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর বিধান এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী অ্যাড-হক বার কাউন্সিল তার ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করবে।
সরকার জানিয়েছে, নতুন অ্যাড-হক বার কাউন্সিল গঠনের এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।