বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৩:২৭
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৪:০২

নিরাপদ রাজশাহী গড়ার প্রত্যয়ে কাজ করছে আরএমপি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু আজ আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ছবি : বাসস

রাজশাহী, ১ জুলাই, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তুলতে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আজ বেলা সাড়ে ১১টায় আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আরএমপি। এ মহানগর ভালো মানুষের জন্য আরও বাসযোগ্য হয়ে উঠবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পুলিশের সব সদস্যকে অভিনন্দন জানান।

পরে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং রাজনৈতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।