শিরোনাম

পটুয়াখালী, ৩০ জুন, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষে শতাধিক শিক্ষার্থীর মাঝে কবুতর, গাছের চারা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
৩০ শিক্ষার্থীর প্রত্যেককে ৬টি করে কবুতরের বাচ্চা, ৫০ শিক্ষার্থীকে একটি করে ফলজ ও বনজ গাছের চারা এবং ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে স্কুলব্যাগ, খাতা ও কলম প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান, ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান এবং হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে।
তারা জানান, উপজেলার ১৪টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ব্র্যাকের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তাও দেওয়া হচ্ছে।