বাসস
  ৩০ জুন ২০২৬, ১৮:৩৮

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, আটক ১

সাতক্ষীরা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। এ ঘটনায় মো. সুজন গাজী (২১) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, মাদরা, ভোমরা ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার মাদরা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া, ভোমরা বিওপির আভিযানিক দল সদর উপজেলার ভোমরা ফলমোড় নামক স্থান হতে ৩১ পিস ভারতীয় ইয়াবা সহ মো. সুজন গাজী নামের একব্যক্তিকে আটক করা হয়। সুজন গাজী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মো. মিলন গাজীর পুত্র। 

অপরদিকে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট মূল্য আনুমানিক দুইলাখ ৫৪ হাজার তিনশ’ টাকা।
 
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য (ইয়াবা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।